গৌরনদীরাজনীতি

গৌরনদী ও আগৈলঝাড়ায় লগি-বৈঠার নৃশংসতার বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে সংঘটিত ভয়াবহ লগি-বৈঠার ঘটনার ন্যায়বিচারের দাবিতে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে উপজেলা জামায়াতের আমীর মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। একই দিন বিকেল ৫টায় গৌরনদী বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াতের আয়োজনে আরও একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মো. আল-আমিন।

গৌরনদীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও দাড়ি-পাল্লা প্রতীকের প্রতিদ্বন্দ্বী হাফেজ মাওলানা আলহাজ্ব কামরুল ইসলাম খান।

বক্তব্যে তিনি বলেন, “২৮ অক্টোবরের পল্টনের হত্যাযজ্ঞ ছিল মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। সেই ঘটনার ন্যায্য বিচার আজও হয়নি। আমরা শহীদদের রক্তের ন্যায্য হিসাব না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।” তিনি আরও বলেন, “ন্যায় ও সত্যের পথে জামায়াত দৃঢ়ভাবে অটল থাকবে, পল্টনের সেই রক্তাক্ত ঘটনার বিচার একদিন হবেই—এই বিশ্বাস আমাদের অটুট।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম, পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা মো. হাফিজুর রহমান, উপজেলা সেক্রেটারি মো. বায়েজিদ হোসেন শরীফ, সাবেক নায়েবে আমীর মাওলানা মো. জাকির হোসেন, সহকারী সেক্রেটারি মো. রুহুল আমিন সবুজ, বাইতুল মাল সম্পাদক মাওলানা মো. ছিদ্দিকুর রহমান, পৌর বাইতুল মাল সম্পাদক মো. আনোয়ারুল হক নিরুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Back to top button