গৌরনদীতে আওয়ামীলীগের বর্ধিত সভায় আবুল হাসানাত আব্দুল্লাহ -বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে তারাই ’৭৫-এর খুনিদের পুর্নবাসিত করছে
গৌরনদী অফিস ॥ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, পার্বত্য শান্তি চুক্তির প্রণেতা ও মুক্তিযুদ্ধ চলাকালীন বরিশাল জেলার মুজিব বাহিনীর কমান্ডার আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল কালো রাতের কথা স্মরন করে বলেছেন, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার স্ব-পরিবারকে হত্যার মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে তারাই ’৭৫-এর খুনিদের পুর্নবাসিত করছে। খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি।
পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি খুনিরা হত্যা করেছে কৃষক নেতা আব্দুর রব সেরনিয়াবাতসহ আমার শিশু পুত্র সুকান্ত বাবু সেরনিয়াবাতকেও। গৌরনদীর উপজেলা ডাকবাংলোতে বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরনদী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ.এম জয়নাল আবেদীন, রাজু আহম্মেদ হারুন, আবু সাঈদ নান্টু, মনির মিয়া, কবির হোসেন খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ হারিছুর রহমান হারিছ, যুগ্ন আহ্বায়ক আনিসুর রহমান আনিস, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুব আলম, সাধারন সম্পাদক নয়ন শরীফ, সরকারি গৌরনদী বিশ্ব বিদ্যালয় এন্ড কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া প্রমূখ। সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।