গৌরনদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রাম থেকে থানা পুলিশ শুক্রবার ভোরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে। মাত্র একদিনের ব্যবধানে অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে।
গৌরনদী থানার এস.আই আসাদুল হক জানান, গতকাল শনিবার বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদ দেখে তার সাথে যোগাযোগ করেন গৌরনদীর পাশ্ববর্তী কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের চলবল গ্রামের ইউপি সদস্য বাবুল জয়ধর।
গতকাল শনিবার বিকেলে ইউপি সদস্য বাবুল জয়ধর গৌরনদী থানায় হাজির হয়ে অজ্ঞাত ব্যক্তির লাশের ছবি দেখে সনাক্ত করেন। বাবুল জয়ধর জানান, অজ্ঞাত ব্যক্তিটি হচ্ছেন তার ওয়ার্ডের দেবেন্দ্র বাড়ৈর পুত্র দিনমজুর দীনবন্ধু বাড়ৈ ওরফে ছোট পাচু (৫৫)। তিনি আরো জানান, দীনবন্ধু বাড়ৈ পেশায় ছিলেন মৎসজিবী। রাতে জমিতে বর্শি পেতে মাছ ধরাই ছিলো তার পেশা। সে সুবাধে গত বুধবার রাতে পেশার কাজে বাড়ি থেকে বের হয়ে সে (দীনবন্ধু) নিখোঁজ হয়। ধারনা করা হচ্ছে বিষধর সর্পদংশনে দীনবন্ধুর মৃত্যু হয়েছে।