গৌরনদীতে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত

গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন গ্রামে গতকাল শনিবার সকালে ও দুপুরে পৃথক হামলা ও সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
করা হয়।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে উপজেলার সুন্দরদী গ্রামে বিদ্যুতের সাইড লাইন নেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ রফিক খান হাতুড়ি পেটা করে গুরুতর জখম করে মোতালেব খানকে (৫৫)। রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা মোতালেবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অপরদিকে একইদিন সকালে তুচ্ছ ঘটনার জেরধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন বাঘমারা গ্রামের আব্দুস ছালাম ঢালী, দক্ষিণ পালরদী গ্রামের ইলিয়াস হোসেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে মাগুরা গ্রামের লুৎফর মোল্লা, রতন মোল্লাসহ ৫জন, সুন্দরদী গ্রামের আনোয়ারা বেগম ও বামরাইল গ্রামের মাসুম হোসেন।