বরিশালে সড়ক দূর্ঘটনায় হত-১ ॥ আহত-২
নিজস্ব সংবাদদাতা, বরিশাল ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর নামকস্থানে গতকাল মঙ্গলবার দুপুরে যাত্রীবাহি বাসের
ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, নগরীর কাউনিয়া এলাকার ব্রাঞ্চ রোডের বাসিন্দা রাজিব আহম্মেদ (২৪) তার দু’বন্ধু আকিব হোসেন ও মাহমুদুর রহমানকে নিয়ে দুপুর দেড়টার দিকে মটরসাইকেলযোগে গড়িয়ারপাড় যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের কাশিপুর হাইস্কুল এ্যান্ড কলেজের সম্মুখে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী রাজিব আহম্মেদ নিহত ও অপর দু’জন গুরুতর আহত হয়। ঘাতক বাসটি পালিয়ে যেতে সক্ষম হয়। বরিশাল বিমান বন্দর থানার উপ-পরিদর্শক মনজুরুল হক জানান, নিহত রাজিবের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।