গৌরনদীতে চোরাই গরু ও মহিষসহ

সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বরিশালের গৌরনদী হাইওয়ে থানা পুলিশ গতকাল রোববার ভোররাতে ট্রাক ভর্তি চোরাই গরু ও মহিষসহ সাজাপ্রাপ্ত আসামি জসিম হাওলাদার ও ২ চোরকে আটক করেছে।
পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকাগামী ট্রাকে (ঢাকা-মেট্রো-ন-৬০৩২) দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে চোরাইকরা ৬ টি গরু ও ২ টি মহিষ নিয়ে যাওয়ার সময় মহাসড়কের গৌরনদীর বাটাজোড় এলাকায় পৌঁছলে হাইওয়ে থানার টহল পুলিশের সন্দেহ হয়।
এ সময় ট্রাকের গতিরোধের জন্য চেষ্ঠা চালিয়ে পুলিশ ব্যর্থ হয়। পরবর্তীতে ধাওয়া করে গৌরনদী বাসষ্ঠ্যান্ডে গরু ও মহিষ ভর্তি ট্রাকসহ সংঘবদ্ধ গরু চোর চক্রের মূলহোতা জসিম হাওলাদার, ট্রাক ড্রাইভার ইউনুস শেখ ও হেলপার জাকিরকে আটক করে। আটককৃতদের গৌরনদী থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম জানান, আটককৃত চোরচক্রের মূলহোতা জসিম হাওলাদারের বাড়ি জেলার বাকেরগঞ্জ থানার কবাই গ্রামে। সে ওই গ্রামের ইসমাইল হাওলাদারের পুত্র। সে তিনটি মামলার ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ব্যাপারে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।