আর্কাইভ
অবশেষে তিন বছর পর
মিথ্যা মামলা থেকে দুই সাংবাদিকের অব্যাহতি
অবশেষে মিথ্যা মানহানিকর মামলা থেকে প্রায় তিন বছর পর গতকাল সোমবার অব্যাহতি পেয়েছেন বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার সম্পাদক এম. এ মতিন।আদালত সূত্রে জানা গেছে, সাংবাদিক সম্মেলনের সংবাদ প্রকাশ করায় গৌরনদী উপজেলার দক্ষিণ পিঙ্গলাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরিচ্যুত প্রধান শিক্ষক সরদার আলাউদ্দিন আহমেদ বিগত ২০০৭ সালের ১৮ জুলাই বরিশাল আমলী আদালতে সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া ও এম এ মতিনসহ ছয় জনের বিরুদ্ধে ৭০ লক্ষ টাকার মানহানির মামলা দায়ের করেন।
বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট খাদেমুল কায়েস ওই সময় মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার জন্য গৌরনদী থানায় ওসিকে নির্দেশ দেন। তৎকালীন গৌরনদী থানার ওসি আমিরুজ্জামান মামলাটি ভিত্তিহীন উল্লেখ করে মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতি দেয়ার সুপারিশ করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। বাদি আলাউদ্দিন আহমেদ উক্ত প্রতিবেদনের বিরোধিতা করে আদালতে আবেদন করেন।
দীর্ঘ তিন বছর মামলা বিচারাধীন থাকার পর গতকাল সোমবার বরিশাল তৃতীয় বিচার আদালতের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবুল বাশার মিঞা মামলাটি ভিত্তিহীন উল্লেখ করে ফৌজদারী কার্যবিধি ২৪১(ক) ধারা মতে সকল আসামিদের উক্ত মামলা থেকে আব্যাহতি প্রদান করেন। আসামি পক্ষের আইনজিবী ছিলেন এডভোকেট দিলীপ কুমার ঘোষ ও এ.কে.এম আরিফুর রহমান। বাদিপক্ষের আইজীবী ছিলেন এডভোকেট মজিবুর রহমান নান্টু।