মিরপুরের তরমুজ বিক্রেতা হোসেনের হত্যাকারী বরিশালে গ্রেফতার

রাজধানী ঢাকার মিরপুরের তরমুজ বিক্রেতা আলী হোসেনকে হত্যার অভিযোগে রিপন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার মধ্যরাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে খান আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের ক্যাপ্টেন জাকির হোসেন বলেন, আলী হোসেন মিরপুর ১১ নম্বরে তরমুজের ব্যবসা করতেন। গত ২ মে তার কাছে তরমুজ কিনতে যায় রিপন। এ সময় তরমুজের দর নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে রিপন ক্ষিপ্ত হয়ে তরমুজ কাটার ছুরি আলী হোসেনের গলায় বসিয়ে দেয়।
এতে তিনি মারা যান। এ ঘটনায় মিরপুর পল্লবী থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৯) দায়ের করা হয়। ঘাতক রিপনের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার বুরকাঠি গ্রামে। সে কয়েক দিন আগে শেবাচিম হাসপাতলে চিকিৎসা নিতে আবাসিক হোটেলে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।