মতবিনিময় সভায় মুজিব বাহিনীর বিভাগীয় কমান্ডার – মহাজোট সরকারের সময়েই যুদ্ধাপরাধীদের বিচার রায় কার্যকর করা হবে

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ স্বাধীনতার স্ব-পক্ষের শক্তি আওয়ামীলীগ সমর্থিত মহাজোট সরকারের সময়েই স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার রায় কার্যকর করা হবে। ’৭১-র যারা মা-বোনের ইজ্জত লুটে নিয়েছে। যাদের কারনে বাংলার ৩০ লক্ষ লোক শহীদ হয়েছেন, তাদের সাথে আওয়ামীলীগ সরকার কখনই আপোষ করবে না। ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করুন। অচিরেই যাচাই বাছাইয়ের কাজ শুরু করা হবে। মুক্তিযোদ্ধাদের কল্যানে আওয়ামীলীগ সরকারই সর্বপ্রথম এগিয়ে এসেছে। মুক্তিযোদ্ধাদের কল্যানে আওয়ামীলীগ চিরদিন কাজ করে যাবে। যুদ্ধচলাকালীন সময়ে মুজিব বাহিনীর বরিশাল বিভাগীয় কমান্ডার, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ গতকাল শুক্রবার সকাল দশটায় নবনির্বাচিত গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথাগুলো বলেছেন।
সাবেক চীফ হুইপের সেরালস্থ বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নবনির্বাচিত কমান্ডার মোঃ আলাউদ্দিন বালীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার মনিরুল হক, সহকারি কমান্ডার সাংগঠনিক আনোয়ার হোসেন রাঢ়ী, সহকারি কমন্ডার পূর্ণবাসন সমাজ কল্যান, শহীদ ও যুদ্ধাহত আব্দুল হক ঘরামী, যুদ্ধ চলাকালীন কমান্ডার এইচ.এম নজরুল ইসলাম, সহকারি কমন্ডার ক্রীড়া ও সাংস্কৃতিক সুবেদার মেজর (অবঃ) গোলাম মোস্তফা, সহকারি কমান্ডার অর্থ আব্দুর রাজ্জাক চোকদার, সহকারি কমান্ডার দপ্তর ও পাঠাগার খান সামছুল হক, কার্যকরী সদস্য মেজবা উদ্দিন আকন, প্যারেড কমান্ডার ডাঃ আব্দুর রব, মুক্তিযোদ্ধার সন্তান রফিকুল হাসান সবুজ প্রমুখ। সভার শুরুতে নবনির্বচিত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে কমান্ডের নেতৃবৃন্দ মুজিব বাহিনীর বিভাগীয় কমান্ডার আবুল হাসানাত আব্দুল্লাহকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।