গৌরনদীতে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধাসহ তার পরিবারের ৫ জন আহত
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার মিয়ারচর গ্রামে গতকাল সোমবার সকালে সন্ত্রাসী হামলায় এক মুক্তিযোদ্ধাসহ তার পরিবারের ৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের জলিল সিকদারের সাথে গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে তুচ্ছ ঘটনার জেরধরে মুক্তিযোদ্ধা মালেক বেপারীর সাথে বাকবিতন্ডা হয়। এ ঘটনার জেরধরে স্থানীয় চিহিৃত সন্ত্রাসী নুরুল আলম সিকদার ও তার সহযোগীরা সকাল সাড়ে দশটার দিকে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের ওপর অর্তর্কিত ভাবে হামলা চালায়। হামলায় মুক্তিযোদ্ধা মালেক বেপারী (৬২) তার স্ত্রী রানী বেগম (৫৫), কন্যা পারভীন বেগম (৩০), পুত্রবধূ রিনা আক্তার (২২), পুত্র কামাল বেপারী (২৮) আহত হয়। রক্তাক্ত জখম অবস্থায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা মালেক বেপারী বাদি হয়ে গতকাল সোমবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন।