গৌরনদীতে দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ পূর্ব শত্রুতার জেরধরে গতকাল মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বয়সা গ্রামের সিদ্দিক
বেপারী ও কুদ্দুস মাতুব্বরের গ্রুপের মধ্যে হামলা ও সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সন্ধায় বাকাই বাজার থেকে বাড়ি ফেরার পথিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে সিদ্দিক বেপারী ও কুদ্দুস মাতুব্বরের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরজের ধরে কুদ্দুস মাতুব্বর ও তার সহযোগীরা গতকাল মঙ্গলবার সকাল ৮ টার দিকে সিদ্দিক বেপারীর বাড়ির সামনে বসে সিদ্দিক বেপারীর ওপর হামলা চালায়। এসময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে টেটাবিদ্ধ হন সিদ্দিক বেপারী, এছাড়া আহত হয় শাহাবুদ্দিন বেপারী, মেহেরুন নেছা, কুদ্দুস মাতুব্বরসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন। এ ঘটনায় গৌরনদী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।